ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যাকাণ্ডে মহাসচিব নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রেক্ষিতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে, সহিংসতা থেকে বিরত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্কও গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, হাদির হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।